‘আমার বাংলোতে চলে আসবা’—যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির কলরেকর্ড ভাইরাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানের সঙ্গে যুব মহিলা লীগের সাবেক এক নেত্রীর কথোপকথনের দুটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অডিও দুটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।


ভাইরাল হওয়া অডিওতে ওসিকে ওই নারীকে নিজের সরকারি বাংলোতে আসার জন্য বারবার অনুরোধ করতে শোনা যায়। শুধু তাই নয়, কীভাবে সেখানে পৌঁছাতে হবে, কোন পথে আসতে হবে এবং যাতায়াতের ভাড়া কত হতে পারে, সে বিষয়েও নির্দেশনা দিতে শোনা যায়। এমনকি পৌঁছানোর পর গাড়িভাড়া পরিশোধের আশ্বাসও দেন তিনি। 


ফোনালাপের অপর প্রান্তে থাকা নারী হলেন দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনি। প্রকাশিত দুটি অডিওর একটির দৈর্ঘ্য ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটির দৈর্ঘ্য ৬ মিনিট ২০ সেকেন্ড।


প্রথম অডিওতে ওই নারীকে ওসির বাসায় যাওয়ার পথনির্দেশনা ও যাতায়াতের বিষয় নিয়ে কথা বলতে শোনা যায়। দ্বিতীয় অডিওতে টাকা-পয়সার লেনদেন, মামলা এবং তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তিকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ ও পাল্টা বক্তব্য উঠে আসে।

কথোপকথনে তাসকিরা তানিন সনি দাবি করেন, একটি মামলায় জামিনের জন্য তিনি থানায় দুই লাখ টাকা দিয়েছেন। পাশাপাশি তুহিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে টাকা দাবি ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। এ ছাড়া পারভেজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার না করার বিষয়েও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।


অন্যদিকে, ওই নারীকে আবারও দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করেন ওসি। কথোপকথনে রাজনৈতিক স্বার্থ ও অর্থ লেনদেনের বাইরে থেকে যোগাযোগ রাখার বিষয়েও তাঁকে কথা বলতে শোনা যায়।


এর আগে গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর ওসির সঙ্গে তাঁর কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


এদিকে, এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর সঙ্গে শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার কথা বলেছেন। তিনি এসব ঘটনার বিচার দাবি করেন।


অভিযোগের বিষয়ে ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, ভাইরাল হওয়া কল রেকর্ডের কথোপকথন তাঁরই। তবে তাঁর দাবি, আসামি গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বনের অংশ হিসেবেই এসব কথাবার্তা হয়েছে। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছেন বলেও দাবি করেন তিনি। টাকা লেনদেনসহ তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও অস্বীকার করেন ওসি।


ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, কল রেকর্ডগুলো ইতোমধ্যে পুলিশের নজরে এসেছে। সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য ফ্যাক্টচেকিংয়ে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, এর আগে গত আগস্টে মামলা নিতে অস্বীকার করার অভিযোগে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরে অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হলেও তিনি স্বপদে বহাল থাকেন।