একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত: স্পিকার হাফিজ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে করমর্দন করছেন। ছবি: সংগৃহীত।
পাকিস্তান সফরে গিয়ে ভারতের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশের ওপর শোষণ চালিয়েছে এবং দেশটির সঙ্গে উপনিবেশের মতো আচরণ করেছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। তাঁর বক্তব্য পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারত বাঙালি জনগণের সহায়তার উদ্দেশ্যে কাজ করেনি; বরং পাকিস্তানকে দুর্বল করাই ছিল দেশটির মূল লক্ষ্য।

এ সময় তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়েও ভারতের প্রতি আহ্বান জানান। ভারত তাঁকে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানালে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা প্রসঙ্গে স্পিকার বলেন, ২০২৪ সালের আগস্টে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর তিনি এখনো সেখানে অবস্থান করছেন। দেশে ফিরে এলে তাঁকে কারাদণ্ড ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আগামী ১০ বছরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা খুবই কম বলে মনে করেন স্পিকার।

এ ছাড়া আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার বিষয়েও সরকারের অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এই সফর বাংলাদেশের কোনো জাতীয় সংসদ স্পিকারের প্রথম সরকারি পাকিস্তান সফর।

সফরকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। পাশাপাশি দুই দেশের সংসদীয় সহযোগিতা, প্রতিনিধিদল বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।